বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তাবহরের একটি গাড়িতে ইটের টুকরো পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এটি দুর্ঘটনাজনিত ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতার চেষ্টা, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বাসে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। পথে মহাসড়কের বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে দুই পাশে থাকা মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে হঠাৎ একটি ইটের টুকরো এসে পড়ে। তবে ইটের টুকরোটি কীভাবে গাড়িতে এসে লাগল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বহরের একটি গাড়িতে ইটের টুকরো পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, এটি মহাসড়কে চলাচলকারী অন্য কোনো গাড়ির চাকার আঘাতে ছিটকে এসেছে কি না, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন :