অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার, মধ্যস্থতা কিংবা লেনদেনের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে বিলের ওপর উত্থাপিত জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে এটি পাস হয়।
নতুন আইনের বিধান অনুযায়ী, অনলাইনে সংঘটিত এ ধরনের মাদক-সংশ্লিষ্ট অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না। অর্থাৎ, প্রয়োজনীয় ডিজিটাল ও অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতেই অপরাধ প্রমাণ করা যাবে।
বিলে আরও বলা হয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপন, বিশেষ প্রশিক্ষিত কুকুর ইউনিট গঠন এবং মাদকসংক্রান্ত সাইবার অপরাধ দমন শাখা ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
সংসদে পাস হওয়া বিলটি এখন রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আইনে পরিণত হবে।

আপনার মতামত লিখুন :