বন্যায় গবাদিপশু মারা গেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
ত্রাণমন্ত্রী জানান, বন্যায় কোনো পরিবারের একটি গরু মারা গেলে ওই পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। একইভাবে একটি ছাগল বা ভেড়া মারা গেলে প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। এজন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় জেলায় ৩৯টি গরু, ৯৫টি ছাগল এবং ৪২টি ভেড়া মারা গেছে। এছাড়া প্রাণ হারিয়েছে ১ লাখ ৪২ হাজার ১৩৭টি মুরগি ও ১ হাজার ৩০০টি হাঁস।
সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :