প্রশাসক চাইলেও ঢাকাকে রাতারাতি বদলে ফেলতে পারবে না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০২:০০ পিএম

প্রশাসক চাইলেও ঢাকাকে রাতারাতি বদলে ফেলতে পারবে না: মির্জা ফখরুল

ফাইল ফটো

রাজধানী ঢাকার দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সমন্বয় সংকট রাতারাতি দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঢাকা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হলেও এর জটিল সমস্যাগুলোর সমাধানে সময়, পরিকল্পনা এবং সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রাজধানীকে বাসযোগ্য করে তুলতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে নাগরিক দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা সমস্যার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদের দেশ হওয়ায় এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ঢাকায় অতিরিক্ত জনসংখ্যার চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নগরসেবায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে মানুষ সামান্য আবর্জনাও যেখানে-সেখানে ফেলেন না, বরং নির্ধারিত স্থানে ফেলতে সচেষ্ট থাকেন। বাংলাদেশেও এমন নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে গুলশান, বনানী ও বারিধারার মতো এলাকার সচেতন বাসিন্দারা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নদী দখলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, তুরাগ ও বুড়িগঙ্গা নদী নিয়মিত দখলের শিকার হচ্ছে। নদীগুলো রক্ষা করা না গেলে ঢাকাকেও রক্ষা করা সম্ভব হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর সুফলের কথাও তুলে ধরেন মন্ত্রী। তাঁর ভাষ্য, এই ব্যবস্থার ফলে সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। আইন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে— এমন ধারণা মানুষের মধ্যে দায়িত্বশীল আচরণে ইতিবাচক প্রভাব ফেলছে।

 

নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, রাজধানীর উন্নয়নে রাজনৈতিক পরিচয়ের চেয়ে নাগরিক দায়িত্ববোধকে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রতি বর্ষায় ঢাকার সমন্বয় সংকট স্পষ্ট হয়ে ওঠে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সিয়াম সরিষা
Link copied!