দেশকে আরও সবুজ, শীতল ও বাসযোগ্য করে তুলতে সবার প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার অভ্যাস গড়ে তুলতে হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে। কর্মসূচির অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই দিনে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করতে হবে। সেটি বিদ্যালয়ে কিংবা বাড়ির আশপাশে, যেখানে সুযোগ থাকবে সেখানেই একটি গাছ রোপণ করা উচিত।
তিনি শিক্ষার্থীদের গাছ সম্পর্কে জানারও আহ্বান জানান। কোন গাছ কতটুকু অক্সিজেন উৎপাদন করে, মানুষের ও পরিবেশের কী উপকারে আসে, এসব বিষয়ে বই ও অন্তর্জাল থেকে তথ্য সংগ্রহ করে জানার পরামর্শ দেন। এতে প্রতি বছর নতুন একটি গাছ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যালয়ে লাগানো গাছ বড় হলে শিক্ষার্থীরা তার ছায়ায় বিশ্রাম নিতে পারবে। একইভাবে বাড়ির আঙিনায় গাছ লাগালে ভবিষ্যতে শীতল পরিবেশ ও নির্মল বাতাস উপভোগ করা যাবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তাপমাত্রা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনটিকে স্মরণীয় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিপুল সংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের প্রাণ ও প্রকৃতিবিষয়ক বিভিন্ন সৃজনশীল প্রকল্প ঘুরে দেখেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :