কালাইয়ের মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

‎মোঃ মোসাদ্দেক হোসেন , কালাই জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২২ পিএম

কালাইয়ের মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ছিলিমপুর জি.এম. দাখিল মাদ্রাসা মাঠে ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম জাহিদ। নির্বাচনী কর্মকৌশল নির্ধারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল।

বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। বিগত সরকারের শাসনামলের প্রতিকূলতার কথা স্মরণ করে তিনি বলেন, আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে হামলা-মামলাসহ নানা রাজপথের বাধা অতিক্রম করতে হয়েছে। অনেক কঠিন সময় পার করলেও আমি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি। সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।

আসন্ন নির্বাচনে জয়ী হতে পারলে মাত্রাই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি নির্বাচনে ইতিবাচক ফল আনতে দলের নেতাকর্মীদের পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা মো. সুজাউল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তারা তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মাত্রাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied!