দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগের নেতাসহ চারজন আটক

আকতারুজ্জামান , দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৩ পিএম

দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগের নেতাসহ চারজন আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে যাওয়ার পথে উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবলীগ। পুলিশের দাবি, ওই কর্মসূচি সফল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বের হচ্ছেনএমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসানো হয়। পরে রাত আড়াইটার দিকে কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে যাওয়ার সময় আয়নাল হকসহ চারজনকে আটক করা হয়।

পরবর্তীতে ২০২৫ সালে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Link copied!