লটাখোলা নতুন বাজারে দুধে ভেজাল: ৯ বিক্রেতার অর্থদণ্ড

মাকসুমুল মুকিম , দোহার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৬ পিএম

লটাখোলা নতুন বাজারে দুধে ভেজাল: ৯ বিক্রেতার অর্থদণ্ড

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া লটাখোলা নতুন বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নয়জন বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন। অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল দুধ ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও দোহার থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযানে দুধের মান পরীক্ষা করে কয়েকজন বিক্রেতার দুধে পানি মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ করা হয়। নওসীনা আরিফ বলেন, দুধে ভেজাল মেশানো ক্ষমার অযোগ্য অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের খবর পেয়ে ক্রেতা ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Link copied!