বগুড়ায় চার যানবাহনের সংঘর্ষে আহত ২

মোঃ মোস্তাকিম রুবেল , মোকামতলা বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৩ পিএম

বগুড়ায় চার যানবাহনের সংঘর্ষে আহত ২

বগুড়ার মোকামতলায় বাস, মাইক্রোবাস ও দুটি কাভার্ডভ্যানের চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহবলের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস, একটি কাভার্ডভ্যান ও ফাইভ স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটির চাকা হঠাৎ পাংচার হয়ে গেলে পেছনে থাকা কাভার্ডভ্যান ও বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সামনের কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দিলে সেটি রোড ডিভাইডারের ওপর দিয়ে উল্টে বিপরীত লেনে গিয়ে পড়ে।

এতে বগুড়া থেকে আসা অপর একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। একই সঙ্গে যাত্রীবাহী বাসটি সামনে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে দুটি কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত দুটি কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!