দর্শনায় ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে ট্রাকসহ চালক উধাও, থানায় অভিযোগ

শিমুল রেজা , চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম

দর্শনায় ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে ট্রাকসহ চালক উধাও, থানায় অভিযোগ

দর্শনায় ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে আট দিন ধরে ট্রাকসহ চালক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। দর্শনা থেকে কাজী ফার্মস লিমিটেডের ভোলার খেয়াঘাট ২৫ ইউনিটে ওই ভুট্টা পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি এবং চালকের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেলে কাজী ফার্মস লিমিটেডের প্রতিনিধি ইকবাল কবির জাহিদ দর্শনা পৌরসভার করিমপুর এলাকায় নিজস্ব গোডাউন থেকে ৪৯৪ বস্তা ভুট্টা ট্রাকে (যশোর-ট-১১-৩৫৩৪) লোড করেন।

যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬৮ হাজার টাকা। দর্শনা রেল ইয়ার্ড এলাকার সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও আমদানিকারক রফিকুল ইসলামের কাছ থেকে ৩২ হাজার টাকা ভাড়ায় ট্রাকটি চুক্তিবদ্ধ করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর ভুট্টা গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায়নি। কাজী ফার্মস লিমিটেডের প্রতিনিধি ইকবাল কবির জাহিদ জানান, নিয়মিত ভুট্টা পাঠালেও সাধারণত দুই দিনের বেশি সময় লাগে না। আট দিন পার হয়ে গেলেও ট্রাকের কোনো খবর পাওয়া যাচ্ছে না। চালক মহিবুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।

এছাড়া ট্রাকের মালিক রফিকুল ইসলামের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বৃহস্পতিবার রাতে দর্শনা থানায় ট্রাকের মালিক ও চালকের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!