রংপুরের পীরগঞ্জে বর্তমান বাসস্ট্যান্ডের স্থান বহাল রাখার দাবিতে এবং বাসস্ট্যান্ড নিয়ে কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় পীরগঞ্জ সদর বাসস্ট্যান্ডসংলগ্ন ফ্লাইওভারের নিচে বাসস্ট্যান্ড শ্রমিক সংগঠন ও দোকান মালিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পীরগঞ্জ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে শ্রমিক, দোকান মালিক ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পীরগঞ্জ বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরে বর্তমান স্থানেই কার্যক্রম পরিচালনা করে আসছে। এ স্থান থেকে বাস চলাচল, যাত্রীসেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্টরা অভ্যস্ত। কিন্তু বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের উদ্যোগে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা নানা সমস্যার আশঙ্কা করছেন। শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, ‘কিছু কুচক্রী মহল বাসস্ট্যান্ড এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। সরকার নির্ধারিত বিকল্প স্থানটি বর্তমান বাসস্ট্যান্ড থেকে অনেক দূরে হওয়ায় সেখানে যাত্রী, বাস কাউন্টার ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বর্তমান বাসস্ট্যান্ডে সংশ্লিষ্টদের কোনো সমস্যা নেই। আমরা চাই, জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে বর্তমান স্থানেই বাসস্ট্যান্ড রাখা হোক।’
সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। বাসস্ট্যান্ডে শ্রমিক ও ব্যবসায়ীরা সুশৃঙ্খলভাবে তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিছু স্বার্থান্বেষী মহল বাসস্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, জনসাধারণের সুবিধা, যাত্রীদের নিরাপত্তা ও শ্রমিকদের জীবিকার বিষয়টি বিবেচনা করে বর্তমান স্থানেই বাসস্ট্যান্ড রাখার উদ্যোগ নেওয়া হোক। তিনি আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় কেউ অযৌক্তিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি বা স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলে তারা প্রত্যাশা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন যাত্রী জানান, ফ্লাইওভারের শেষ সীমানায় বাসস্ট্যান্ড স্থানান্তর করা হলে যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াতে অসুবিধা তৈরি হতে পারে। তাঁরা বর্তমান স্থানেই প্রয়োজন অনুযায়ী বাসস্ট্যান্ড সম্প্রসারণের দাবি জানান। বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :